প্রকাশিত:
৭ আগষ্ট ২০২৫, ১৩:২২
লিগস কাপের ম্যাচে মাত্র অষ্টম মিনিটে চোট পান লিওনেল মেসি। এরপর হ্যামস্ট্রিং চোটের কারণে মাঠ ছাড়েন আর্জেন্টাইন তারকা। পরে জানা যায়, বেশ কয়েকটি ম্যাচে মায়ামির হয়ে খেলতে পারবেন না মেসি। যদিও সুনির্দিষ্ট সময় ও ম্যাচের সংখ্যা উল্লেখ করেনি মায়ামি। দলের এই তারকাকে ছাড়াই বৃহস্পতিবার (৭ জুলাই) মায়ামিকে জয় উপহার দিয়েছেন রদ্রিগো ডি পল ও লুইস সুয়ারেজরা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) অনুষ্ঠিত ম্যাচে মেক্সিকান ক্লাব পুমাসকে ৩-১ গোলে হারায় মায়ামি। যদিও শুরুতে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল হাভিয়ের মাশ্চেরানোর দল। ম্যাচের ৩৪ মিনিটে জর্জ রুভালকাবার দুর্দান্ত কাউন্টার অ্যাটাকে এগিয়ে যায় পুমাস।
তবে বিরতির আগে ম্যাচে ফেরে মায়ামি। ইয়ানিক ব্রাইটের নিখুঁত পাস ডি-পলের বুকে আসলে তা পায়ে নামিয়ে চমৎকার ফিনিশিংয়ে গোল করেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। এটি ছিল তার মায়ামি ক্যারিয়ারের প্রথম গোল।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে মেসির মায়ামি। খেলার ৫৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন উরুগুইয়ান স্টাইকার সুয়ারেজ। পুমাস ডিফেন্ডার সেগোভিয়াকে বক্সে ফেলে দেওয়া ফাউলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। অনেকটা পানেনকা শটে গোলরক্ষককে বিভ্রান্ত করেন উরুগুইয়ান এই তারকা।৭০ মিনিটে আবারও আলো ছড়ান সুয়ারেজ। তার দুর্দান্ত ডিফেন্সচেরা পাস থেকে গোল করেন তাদেও আয়েন্দে। খেলার শেষদিকে আরও কয়েকটি সুযোগ মিস না হলে স্কোরলাইন বড় হতে পারত। বিশেষ করে বেঞ্জামিন ক্রেমাশ্চি ও আয়েন্দের দুটি সহজ সুযোগ কাজে লাগেনি।
তবে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিশ্চিত করেই লিগস কাপের শেষ আটে জায়গা করে নেয় ফ্লোরিডার ক্লাবটি। মায়ামির সম্ভাব্য কোয়ার্টার ফাইনাল প্রতিপক্ষ এখনো নিশ্চিত নয়। তবে মেসি ছাড়াও দারুণ ছন্দে থাকা দলটির পারফরম্যান্স আগামী ম্যাচেও নজর কাড়বে বলেই ধারণা বিশ্লেষকদের।
মন্তব্য করুন: