প্রকাশিত:
১৬ অক্টোবর ২০২৫, ১৩:০০
চট্টগ্রাম বাঁশখালী থেকে ৫ বছরের শিশু মো. আদিয়াতকে অপহরণের মূল পরিকল্পনাকারী মো. আমিনুল ইসলামকে (৪১) গ্রেফতার করেছে র্যাব-৭ এর সদস্যরা। চকবাজার থানাধীন দেবপাহাড় এলাকা থেকে আমিনুল তাকে গ্রেফতার করা হয়। আমিনুল ইসলাম পটিয়া উপজেলার মধ্যম বরলিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, রিদুয়ান আর আমিনুল দু’জনেই পূর্ব পরিচিত। আমিনুল রিদুয়ানকে বলে, তার বোন রোবাইদা সুলতানা তানজুর বাচ্চা নেই। তার একটা বাচ্চা দরকার। এর আগে আমিনুল রিদোয়ানের সাথে বাঁশখালীও গিয়েছিল। গত ১৩ অক্টোবর রিদোয়ান শিশুটিকে কৌশলে অপহরণ করে আমিনুলের কাছে ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করে দেয়। তানজুর বাড়ি চন্দনাইশে। এ ঘটনায় চন্দনাইশ থেকে শিশু আদিয়াতকে পুলিশ উদ্ধার করে।
র্যাব জানায়, গত ১৩ অক্টোবর দুপুরে মনজুরুল আলম তার সন্তানকে নিয়ে বাড়ির সামনে হাঁটছিলেন। তখন রিদুয়ান নামে তার এক প্রতিবেশি শিশুটিকে কোলে নিতে চাইলে তিনি তার সন্তানকে তার কোলে দিয়ে বাড়ি পাশে নিজের দোকানে চলে যান। যাওয়ার সময় তার সন্তানকে তার মায়ের কাছে দিয়ে যেতে বলেন। বিকেল ৩টায় বাড়ি ফিরে জানতে পারেন রিদুয়ান তার ছেলেকে তার বাড়িতে দিয়ে যায়নি। তিনি রিদুয়ানের মোবাইলে ফোন করলে তার নম্বরটি বন্ধ পান। পরে স্থানীয়রা জানান, রিদুয়ান তার সন্তানকে অটোরিকশায় তুলে নিয়ে গেছে।
মন্তব্য করুন: