প্রকাশিত:
৮ নভেম্বর ২০২৫, ১৫:১৪
বাণিজ্যিক ও শৈল্পিক– সব ধরনের সিনেমা ও সিরিজে নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন হুমা কুরেশি। ‘এক থি ডাইন’, ‘বদলাপুর’, ‘জলি এলএলবি টু’, ‘ডাবল এক্সএল’, ‘ডেড অন দ্য নাইট’, ‘মনিকা ও মাই ডার্লিং’–প্রতিটি কাজেই তাঁর অভিনয় পেয়েছে সমালোচকদের প্রশংসা। এবার তাঁকে দেখা যাবে এক ভিন্নমুখী, নেতিবাচক চরিত্রে। নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘দিল্লি ক্রাইম’-এর তৃতীয় মৌসুমে হুমা কুরেশি অভিনয় করছেন ‘বড় দিদি’ চরিত্রে।
২০১৯ সালে সিরিজটির প্রথম কিস্তি মুক্তির পর থেকেই দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে; যা জিতেছে আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডের মতো সম্মাননা। গত মঙ্গলবার ট্রেলার মুক্তির পর থেকেই আলোচনায় তৃতীয় মৌসুমটি। ‘দিল্লি ক্রাইম ৩’-এর গল্প এবার আরও ভয়ংকর। এটি মানব পাচার, নিখোঁজ মানুষ এবং এক নির্মম অপরাধ সাম্রাজ্যকে ঘিরে আবর্তিত। এই মৌসুমে ডিআইজি ভার্তিকা চতুর্বেদীর (শেফালি শাহ) সঙ্গে আরও এক নারীর রুদ্ধশ্বাস লড়াই দেখবে দর্শক। ভার্তিকা একের পর এক নিখোঁজ হওয়ার ঘটনার সূত্র ধরে ভারতজুড়ে ছড়িয়ে থাকা এক মানব পাচার চক্রের সন্ধান করেন। তদন্তে উঠে আসে এক শীতল বাস্তবতা–তরুণীদের চাকরির লোভ দেখিয়ে পাচার করা হচ্ছে, শিশুদের দাস হিসেবে বিক্রি করা হচ্ছে, বিয়ের ফাঁদে ফেলে নিপীড়নের শিকার করা হচ্ছে। সবকিছুর সূত্রই মেলে ‘বড় দিদি’ নামে এক ছায়া নেত্রীর কাছে। এই চরিত্রেই দেখা যাবে হুমা কুরেশিকে, যিনি পুলিশের চোখকে ফাঁকি দিতে সদা সচেষ্ট।
‘দিল্লি ক্রাইম ৩’-এর গল্প ২০১২ সালের ‘বেবি ফলক’ মৃত্যু মামলা অনুপ্রেরণায় নির্মাণ করা হয়েছে। দুই বছরের শিশু ফলককে ২০১৩ সালের ১৮ জানুয়ারি দিল্লির এইমস ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। তাঁর মাথার খুলি ভাঙা ছিল, শরীরে কামড়ের দাগ ও গরম লোহার ছাপ ছিল। চিকিৎসকরা প্রথমে ভেবেছিলেন এটি দুর্ঘটনা, কিন্তু পরে জানা যায়, শিশুটির ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছিল। তিন মাস লড়াইয়ের পর ২০১২ সালের ১৫ মার্চ মারা যায় ফলক। এই মর্মান্তিক ঘটনাই এই মৌসুমের গল্পের মূল ভিত্তি।
সিরিজটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে হুমা কুরেশি তাঁর চরিত্র প্রসঙ্গে বলেন, ‘খারাপ চরিত্র আমাকে মানায় (হাসি)! আমি ‘দিল্লি ক্রাইম’-এর প্রথম ও দ্বিতীয় মৌসুমের দারুণ ভক্ত। তাই যখন আমাকে এই সিরিজে অভিনয়ের প্রস্তাব দেওয়া হলো, তখন আমার মনে হয়েছিল যেন ছোটবেলায় প্রিয় খেলনাটি পেয়ে গেছি। শেফালি, রাসিকা, রাজেশ এবং পুরো টিম যে অসাধারণ কাজ করেছে, সেটা সত্যিই অবিশ্বাস্য। এই দুনিয়ায় প্রবেশ করতে পারাটা আমার জন্য গর্বের।’
নিজের ক্যারিয়ারের অন্যতম নেতিবাচক এই চরিত্র সম্পর্কে হুমা আরও যোগ করেন, ‘আমার ক্যারিয়ারে এটি সম্ভবত সবচেয়ে অন্ধকার এবং সবচেয়ে ঘৃণিত চরিত্র। নৈতিকতার দিক থেকে এটি আমার অভিনীত সবচেয়ে ‘খারাপ’ চরিত্র। কিন্তু অভিনয় করতে ভীষণ উপভোগ করেছি। যখন তুমি এক নেতিবাচক চরিত্রে অভিনয় কর, তখন কোনো সীমা থাকে না, তুমি অনেক কিছু এক্সপ্লোর করতে পার, আর আমি সত্যিই তা করেছি।’
তিনি আরও বলেন, ‘এটা ছিল চ্যালেঞ্জিং, কারণ ব্যক্তিগতভাবে আমি সবসময় সচেতন থাকি, আমি যে নারী চরিত্রে অভিনয় করি, তা যেন নিজের সিদ্ধান্ত নিতে পারে, তার নিজস্ব দৃষ্টিভঙ্গি ও কণ্ঠস্বর থাকে। এই চরিত্রেও সেটা আছে, কিন্তু একেবারে নেতিবাচক জায়গা থেকে।’
‘দিল্লি ক্রাইম ৩’ পরিচালনা করেছেন তনুজ চোপড়া। এই মৌসুমে আরও অভিনয় করেছেন রসিকা দুগ্গল, রাজেশ টেইলাং, সায়নি গুপ্ত, মিতা বাশিষ্ঠ, অনশুমান পুষ্কর ও কেলি দর্জি। সিরিজের নতুন সিজন মুক্তি পাচ্ছে ১৩ নভেম্বর, নেটফ্লিক্সে।
মন্তব্য করুন: