প্রকাশিত:
১৭ নভেম্বর ২০২৫, ১৬:৫২
ধামরাইয়ে ঢুলিভিটা বাস স্ট্যান্ডে ঢাকা মেট্রো-ব ১৫-৬১৭৯ ধামরাই-গুলিস্তান (ডি-লিংক) নামে একটি পার্কিং করা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় গাড়ির পেছনের অংশ সম্পূর্ণ পুড়ে যায়। তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রোববার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে ধামরাই উপজেলাগামী সড়কের ১০০ গজ দূরে বিদ্যুৎ অফিসের বিপরীত পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের দিকে বাসটি সেখানে পার্কিং করে রাখা হয়। পরে রাত ১০টার দিকে ৩-৪টি মোটরসাইকেল নিয়ে কয়েকজন লোক বাসের কাছাকাছি গিয়ে জানালা ভেঙে গান পাউডার ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়। এরপর তারা পালিয়ে যায়। আচমকা বাস থেকে ধোঁয়া বের হতে দেখে তারা ছুটে গিয়ে পানি-বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। প্রায় ১৫–২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের এ বিষয়ে ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সোহেল রানা বলেন, রাত ১০টার পর ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাই-গুলিস্তান নামে একটি বাসে আগুনের খবর আসে। পরে ধামরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এমন অপ্রীতিকর ঘটনায় ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, রাত ১০টার দিকে ঢুলিভিটা বাসস্ট্যান্ড থেকে লিংক রোডে প্রায় ১০০ গজ দূরে একটি পার্কিং করা বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
মন্তব্য করুন: