প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২৫, ১৫:২৭
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিয়া আক্তার (২২) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকার র্যাংগস ফ্যাক্টরির আবাসিক কোয়ার্টার থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রিয়া আক্তার জামালপুর সদরের চুনুটিয়া গ্রামের হালিম মণ্ডলের মেয়ে। তার স্বামী আদিল (২৮) র্যাংগস ফ্যাক্টরিতে বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন এবং স্ত্রীকে নিয়ে ওই আবাসিক কোয়ার্টারে বসবাস করছিলেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে নাস্তা আনতে বাইরে যাওয়ার পর বাড়ি ফিরে স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন বলে দাবি করেন আদিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং স্বামী আদিলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) মো. ইমরান আহম্মেদ জানান, ঘটনার রহস্য উদঘাটনে স্বামীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহজনিত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হলেও তদন্ত শেষেই প্রকৃত কারণ জানা যাবে।
মন্তব্য করুন: