প্রকাশিত:
৩ জানুয়ারী ২০২৬, ১৮:১৪
‘কেজিএফ’ সিরিজের মাধ্যমে ভারতীয় বাণিজ্যিক সিনেমার দৃশ্যপট বদলে দেওয়া কন্নড় সুপারস্টার যশ ফিরছেন নতুন সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ নিয়ে। বড় বাজেট, আন্তর্জাতিক পরিকল্পনা ও তারকাবহুল অভিনয়-সব মিলিয়ে ‘টক্সিক’ শুরু থেকেই আলাদা করে নজর কাড়ছে।
গেল দুই সপ্তাহের ব্যবধানে এ সিনেমার অভিনেত্রী কিয়ারা আদভানি ও নয়নতারার প্রথম লুক প্রকাশের পর এবার সামনে এলো তারা সুতারিয়ার প্রথম লুক। আজ সিনেমার টিম তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্টারটি শেয়ার করেছে।
‘টক্সিক’ সিনেমায় রেবেকা চরিত্রে দেখা যাবে তারা সুতারিয়াকে, যেখানে তিনি থাকছেন তার চিরচেনা গ্ল্যামার ইমেজের বাইরে। পোস্টারে তামাটে রঙের পোশাক ও হাতে বন্দুক-শক্তিশালী ও আত্মরক্ষায় দৃঢ়চেতা এক নারীর রূপে হাজির হয়েছেন তিনি।
‘টক্সিক’ পরিচালনা করছেন গীতু মোহনদাস। তারা সুতারিয়াকে নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি সব সময়ই তারাকে নিয়ে ভিন্ন ধরনের এক চরিত্র অনুভব করেছি। শুটিংয়ে তিনি সেটাই প্রমাণ করে দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আমি বুঝেছিলাম, তাকে চাপ না দিয়ে সময় দিয়ে নিজের মতো করে থাকতে দেওয়াই সঠিক পথ। সে কথা কম বলত, বেশি শুনত। ওর নীরবতার মধ্যেই একটা শক্তিশালী কিছু তৈরি হচ্ছিল। যখন সে অভিনয়ে নিজেকে মেলে ধরল, তখন যা বেরিয়ে এলো, তা সত্যিই শ্বাসরুদ্ধকর। আমি নিশ্চিত, তারা দর্শকদেরও একইভাবে চমকে দেবে।’
যশের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে তারা সুতারিয়ার এই ‘রেবেকা’ অবতার যে দর্শকদের নতুন চমক দেবে, তা বলাই বাহুল্য।
মন্তব্য করুন: