প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২৬, ১৮:৫৩
আইসিসির অনুরোধ সত্ত্বেও টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে আগের অবস্থান থেকেই সরে আসেনি বোর্ড। বরং বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে অন্য কোনো দেশে আয়োজনের অনুরোধ আবারও জানিয়েছে বিসিবি।
মঙ্গলবার দুপুরে বিসিবি ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মধ্যে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে বিসিবির শীর্ষ কর্মকর্তারা অংশ নেন এবং ভারতের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দল পাঠানো সম্ভব নয়—এই অবস্থান স্পষ্ট করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বকাপের সূচি আগেই ঘোষণা করা হলেও বিসিবি তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেনি। আইসিসির পক্ষ থেকে বাংলাদেশকে অবস্থান পরিবর্তনের অনুরোধ জানানো হলেও বোর্ড নিরাপত্তার প্রশ্নে কোনো ঝুঁকি নিতে রাজি নয়।
বিসিবি জানিয়েছে, ক্রিকেটার, কোচিং স্টাফ ও দলের সঙ্গে সংশ্লিষ্ট সবার নিরাপত্তা ও সুরক্ষাই তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। এ কারণে বাংলাদেশের ম্যাচগুলো নিরপেক্ষ কোনো ভেন্যুতে আয়োজনের প্রস্তাব আবারও আইসিসির কাছে তুলে ধরা হয়েছে।
সংকট সমাধানে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষই সম্মত হয়েছে। সামনের দিনগুলোতে আইসিসি ও বিসিবির মধ্যে আরও বৈঠক ও যোগাযোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
মন্তব্য করুন: