প্রকাশিত:
১৪ জানুয়ারী ২০২৬, ১৩:৩৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জনকল্যাণ ও রাষ্ট্র সংস্কারের অঙ্গীকারকে সামনে এনে নির্বাচনি ইশতেহার চূড়ান্ত করার পথে বিএনপি। ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাব, ভবিষ্যৎ অর্থনৈতিক রূপরেখা এবং তরুণ প্রজন্মের প্রত্যাশাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে এই ইশতেহার।
দলীয় সূত্রগুলো জানায়, ইশতেহার প্রণয়নের কাজ এখন শেষ পর্যায়ে। সব কিছু ঠিক থাকলে খুব শিগগিরই তা আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে তুলে ধরা হবে। এতে আধুনিক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে একটি সুস্পষ্ট পরিকল্পনার কথা তুলে ধরা হবে, যার মূল বার্তা— ‘আই হ্যাভ অ্যা প্লান’।
ইশতেহারে বিশেষ গুরুত্ব পাচ্ছে গণ-অভ্যুত্থান–পরবর্তী তরুণ সমাজের আকাঙ্ক্ষা। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, ক্রীড়া, পরিবেশ ও সামাজিক নিরাপত্তাকে কেন্দ্র করে নতুন নীতিগত অঙ্গীকার যুক্ত করা হচ্ছে। পাশাপাশি পরিবারভিত্তিক সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড এবং কৃষিখাতে সহায়তার জন্য কৃষক কার্ড চালুর পরিকল্পনার কথা উল্লেখ থাকবে।
অর্থনৈতিক দিক থেকে কর্মসংস্থান সৃষ্টি ইশতেহারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি। দলটি ক্ষমতায় গেলে প্রথম ১৮ মাসে এক কোটি মানুষের কাজের সুযোগ তৈরির অঙ্গীকার রাখছে। এ লক্ষ্য পূরণে এসএমই, কৃষিভিত্তিক শিল্প, বস্ত্রখাত, আইসিটি, স্টার্টআপ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ই-কমার্স খাতে বিনিয়োগ বাড়ানোর কথা বলা হচ্ছে। পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের নতুন বাজার খোঁজা ও দক্ষ জনশক্তি তৈরি করাও পরিকল্পনার অংশ।
রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা, মানবাধিকার সুরক্ষা, বাকস্বাধীনতা এবং দুর্নীতিমুক্ত প্রশাসনের প্রতিশ্রুতি ইশতেহারে অন্তর্ভুক্ত হচ্ছে। জাতীয় অর্থনীতি পুনরুদ্ধার ও ‘ক্রিয়েটিভ ইকোনমি’ গড়ে তোলার পরিকল্পনাও এতে জায়গা পাচ্ছে।
নারী, প্রবীণ ও ধর্মীয় নেতাদের জীবনমান উন্নয়নের বিষয়েও আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে। নারীদের স্বাস্থ্য ও নিরাপত্তা, প্রবীণদের সামাজিক সুরক্ষা এবং মসজিদ-মাদ্রাসা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের নেতাদের জন্য মাসিক সম্মানির ব্যবস্থার কথা ইশতেহারে উল্লেখ থাকবে।
বিপুলসংখ্যক নতুন ও তরুণ ভোটারকে সামনে রেখে বিএনপি তাদের ইশতেহারে ভবিষ্যৎমুখী রাজনীতির বার্তা দিতে চায়। দলীয় নীতিনির্ধারকদের মতে, এই ইশতেহার শুধু নির্বাচনি প্রতিশ্রুতি নয়, বরং একটি নতুন রাষ্ট্র পরিচালনার রোডম্যাপ।
মন্তব্য করুন: