প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৬, ১৭:১৮
নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে আয়োজিত এক জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, খালেদা জিয়া কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেননি। বরং তার নেতৃত্ব আন্তর্জাতিকভাবেও স্বচ্ছতার স্বীকৃতি পেয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে দেওয়া বক্তব্যে তারেক রহমান বলেন, “একটি দল আজ বলছে বিএনপি দুর্নীতিগ্রস্ত। অথচ ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত সেই সরকারের দুজন মন্ত্রী ছিল তাদের। যদি দুর্নীতি হতো, তাহলে তারা তখনই কেন পদত্যাগ করেননি?” তিনি বলেন, এই অভিযোগ আসলে তাদের নিজেদের বিরুদ্ধেই যায়।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমেই জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ভোটবিহীন সরকার থাকার কারণেই জনগণের সমস্যাগুলো সমাধান হয়নি।
নারীদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী নারী। তাদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। এ জন্য তিনি ‘ফ্যামিলি কার্ড’ চালুর কথা বলেন। পাশাপাশি কৃষকদের জন্য কৃষক কার্ডের মাধ্যমে সার ও কীটনাশক সরবরাহের পরিকল্পনার কথাও তুলে ধরেন।
জনসভায় চার জেলার ২৪ জন সংসদীয় প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, তাদের নির্বাচিত করতে পারলে স্থানীয় উন্নয়ন ত্বরান্বিত হবে এবং জনগণ তাদের অধিকার ফিরে পাবে।
মন্তব্য করুন: