প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২৬, ১৫:০০
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা আশাবাদী ১৩ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে। নির্বাচন ও ফলাফল সেই বার্তা দেবে যে, এরা কোনো চাঁদাবাজি করে না, চাঁদাবাজ বরদাস্তও করে না। সঙ্গে সঙ্গে ৯০ ভাগ চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে।’ বৃহস্পতিবার ঢাকা-১২ আসনের কাওরান বাজারে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
জামায়াত আমীর বলেন, ‘বাকি ১০ ভাগ যারা থাকবে তাদের বুঝাবো। বুঝ না মানলে যা করা দরকার, তাই করা হবে, ইনশাআল্লাহ। কারও মুখের দিকে তাকাবো না। চেহারা দেখে সেদিন চাঁদাবাজের সঙ্গে আচরণ করা হবে না। সেক্ষেত্রে আমরা হবো নির্দয়, নিঠুর ও কঠোর।’
তিনি বলেন, ’২৪ এর জুলাইয়ের আন্দোলনে আপামর জনসাধারণ অংশগ্রহণ করেছিলেন। তবে নেতৃত্ব ছিলো যুব সমাজের। সূচনা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই। সেই আন্দোলনকে গায়ের জোরে থামানোর চেষ্টা করা হয়েছিল। সারা বাংলাদেশের চিত্র ছিলো প্রায় একই। সেদিন বাংলাদেশ ফুসে উঠেছিল।’
সেদিন রাস্তায় সবাই বলেছিল ‘উই ওয়ান জাস্টিস’ উল্লেখ করে জামায়াত আমীর বলেন, ‘আমরা কোনো বৈষম্য অবিচার মানবো না। এই সমাজে ন্যায়বিচার কায়েম করতে হবে। সাম্য ফিরিয়ে আনতে হবে। এই যে চাঁদাবাজ, দখলবাজ, মামলাবাজ, দুর্নীতিবাজরা বাজপাখির মতো কালো চেহারা ধারণ করে এসে জনগণের ওপর ছো মারে।’
মন্তব্য করুন: