প্রকাশিত:
১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫২
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফল দ্রুত প্রকাশের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটগ্রহণ শেষ হওয়ার পরদিন শুক্রবার সকালের মধ্যেই অধিকাংশ আসনের ফলাফল ঘোষণা করা হবে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীতে আয়োজিত এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ভোটের ফল যত দ্রুত সম্ভব প্রকাশের চেষ্টা করা হবে। তিনি আশা প্রকাশ করেন, শুক্রবার সকালেই বেশিরভাগ আসনের ফল জানা যাবে।
তিনি আরও জানান, নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে সাংবাদিক ও দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়া হবে। এতে ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়া আরও বিশ্বাসযোগ্য হবে বলে মনে করছে কমিশন।
প্রবাসী ভোট প্রসঙ্গে তিনি বলেন, পোস্টাল ব্যালট পদ্ধতি কমিশনের জন্য নতুন অভিজ্ঞতা। তবে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে সরকার ও কমিশন যৌথভাবে কাজ করছে।
এদিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ভোট গণনায় বিলম্বের কোনো আশঙ্কা নেই। আগামীকাল সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হবে এবং শুক্রবার সকাল ১০টার মধ্যেই গণনা শেষ হবে।
তিনি বলেন, প্রতিটি ব্যালট সতর্কতার সঙ্গে গণনা করা হবে। ফলে ফলাফল প্রকাশে কোনো অযথা বিলম্ব হবে না।
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে কমিশন জানিয়েছে, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনই তাদের মূল লক্ষ্য।
মন্তব্য করুন: