প্রকাশিত:
২৩ জুন ২০২৫, ১৬:৪৬
বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল থেকে ফিটনেসবিহীন গাড়ি বাতিল, একাডেমিক শাখায় শিক্ষার্থীদের ভোগান্তিহীন সেবা নিশ্চিত ও গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় জটিলতা দূর করে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।
সোমবার (২৩ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর স্মারকলিপি প্রদান করে সংগঠনটি।এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ, সদস্য রাফিজ আহমেদ, নুরুদ্দিন-সহ অন্যান্য নেতাকর্মীরা।
স্মারকলিপি সূত্রে, পরিবহন নির্ভর ইসলামী বিশ্ববিদ্যালয়ের যানবাহন নিয়মিত কুষ্টিয়া-ঝিনাইদহ রুটে চলাচল করে থাকে। মহাসড়কের বেহাল দশায় প্রায়ই দুর্ঘটনায় পতিত হচ্ছে ক্যাম্পাসের যানবাহন। এমতাবস্থায় অতিদ্রুত কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যোগাযোগ করে কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা, বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল থেকে ব্যবহৃত ফিটনেসবিহীন গাড়ি বাতিল করা, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে সনদপত্র, নম্বরপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র উত্তোলনে দ্রুত সময়ের মধ্যে একাডেমিক শাখায় শিক্ষার্থীদের ভোগান্তিহীন সেবা নিশ্চিত করা এবং একাডেমিক শাখায় গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের ভর্তি জটিলতা বা ভোগান্তি দূরীকরণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার দাবি জানানো হয়।
সংগঠন জানান, ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষা ও যৌক্তিক দাবি আদায়ে সোচ্চার রয়েছে।দাবিসমূহ বিশ্ববিদ্যালয়ের আপামর সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি। জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের দাবি আদায়ে গঠনমূলকভাবে কাজ করে যাচ্ছে। অতিদ্রুত দাবিসমূহ পূরণে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে ছাত্রদল শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে রাজপথে নামতে বাধ্য হবে। সংগঠনের বিশ্বাস বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব দাবির বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেবে।
শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের আশ্বস্ত করেছেন তারা ছাত্র প্রতিনিধিদের নিয়ে কুষ্টিয়া এবং ঝিনাইদহের সড়ক কর্তৃপক্ষের সাথে বসবেন এবং দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা করবেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কার্যালয়ে শিক্ষার্থীরা যেন ভোগান্তির শিকার না হয় এজন্য প্রশাসন অতি দ্রুত ব্যবস্থা নিবেন। যদি আমাদের এসব দাবি পালনে কোন প্রকার ব্যত্যয় ঘটে তাহলে পরবর্তীতে আমরা মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচিতে যাবো।’
এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ শিক্ষার্থীদের দাবির সাথে একমত পোষণ করে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
মন্তব্য করুন: